উজবেকিস্তানের ম্যাচে হাফ ডজন গোল হজম

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:৩৫

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে উজবেকিস্তান ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। গ্রুপ পর্বের এই ম্যাচে হারলেও পয়েন্ট ধরা হবে না। কারণ স্বাগতিক উজবেকিস্তান এমনিতেই সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশ মাঠে নামার আগে উজবেকিস্তানের ম্যাচটিকে প্রীতি ম্যাচ হিসেবে খেলতে নেমেছিল। হারবে সেটা জানা কথাই। কারণ ওরা অনেক বেশি শক্তিশালী। ফিফার র্যাংকিংয়ে উজবেকিস্তান ৮৪ নম্বরে। বাংলাদেশের স্থান ১৮৭। পার্থক্য ১০৩ ধাপ। উজবেকিস্তানের বিপক্ষে লড়াইটা ছিল সৌদি আরবের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি। আগামী মঙ্গলবার সৌদি আরবের বিপক্ষে ডি গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল। কুয়েতের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলেছে। সেই ম্যাচের পরিকল্পনা অনুযায়ী উজবেকিস্তানের ম্যাচে কোচ মারুফুল হকের পরিকল্পনা ছিল প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দেওয়া। মারুফুল হক বলেন, ‘আমাদের খেলোয়াড়রা ব্লক করতে পারেনি মনযোগ হারিয়েছে।’

এশিয়ান কাপের বাছাই পর্বের খেলা ১১টি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন ১১ দল এবং সঙ্গে সেরা ৫ রানার্সআপ দল চূড়ান্ত পর্বে উঠবে। বাংলাদেশ সেরা রানার্সআপের জন্য লড়াই করছে।