প্রণোদনা বঞ্চিত রংপুর মেডিক্যালের ৭৬০ নার্স

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২৩:০৮

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করলেও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭৬০ জন নার্স প্রণোদনার কোনো টাকা পাননি। তবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪২৭ জন চিকিত্সকরা পেয়েছেন প্রণোদনার টাকা। এ নিয়ে হাসপাতালে কর্মরত নার্সদের মধ্যে রয়েছে ক্ষোভ। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে ৭৬ জন নার্স ও কর্মচারী করোনায় আক্রান্ত হন আর এর মধ্যে চার জনের মৃত্যু হয়।

নার্সরা অভিযোগ করেন, করোনার দুঃসময় পেরিয়ে দীর্ঘ ৯ মাসেও নার্স ও কর্মীরা প্রণোদনার কোনো টাকা পাননি। এ নিয়ে বেশ কয়েক বার হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে, অবরুদ্ধ, বিক্ষোভ করে কাজ হয়নি। হাসপাতালের পরিচালক বার বার নার্সদের আশ্বাস দিয়েও প্রণোদনার ব্যবস্থা করতে কোনো পদক্ষেপ নেননি। তালিকা তৈরির অজুহাতে শুধু সময়ক্ষেপণ করেছেন। হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি গোফরান আহাম্মেদ অভিযোগ করেন, হাসপাতালের পরিচালকের উদাসীনতা এবং দায়িত্বহীন আচরণের কারণে নার্সরা এখনো প্রণোদনার টাকা মেলেনি। আগামী ১০ দিনের মধ্যে প্রণোদনার অর্থ না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল ইসলাম বলেন, আমরা নার্সদের প্রণোদনার টাকার জন্য তিন বার নার্সদের অধিদপ্তরে তালিকা দিয়েছি। তাদের অধিদপ্তর প্রণোদনার টাকা না দিলে আমার করার কি আছে। এটা নার্সদের অধিদপ্তরের ব্যাপার। আমার করার কিছু নেই। নার্সদের অধিদপ্তরে আবারও তালিকা পাঠাবো।