অবশেষে মাদক মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে বেরিয়ে আসেন। গতকাল সকালে ছেলে আরিয়ানকে নিতে বাসভবন মান্নাত থেকে শাহরুখ ও গৌরি খান দম্পতির গাড়িবহর কারাগারের দিকে আসতে দেখা যায়। তাদের একনজর দেখতে জেল গেটের সামনে অনেকেই ভিড় করেন।
গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল আরিয়ান-সহ বেশ কয়েকজনকে। এরপর তাকে মাদক সেবন, রাখা ও কেনা-বেচার সংশ্লিষ্টতার মামলায় গ্রেফতার দেখানো হয়। দুই দফা জামিন আবেদন নাকচের পর গত বৃহস্পতিবার মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পান আরিয়ান। শুক্রবার নির্দিষ্ট সময়ের মধ্যে তার জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাকে আরো এক দিন জেলে থাকতে হয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টায় মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেইল বাক্স খোলা হয়। তাতে আরিয়ানসহ ছয় থেকে সাত জনের জামিনের নথি ছিল। সব প্রক্রিয়া শেষে সাড়ে ১১টার দিকে জেল থেকে বেরিয়ে আসেন আরিয়ান।
জেল থেকে শাহরুখের বাড়ির রাস্তা পুরোটা জুড়েই ছিল হাজার হাজার মানুষের ঢল। রোদে পুড়ে অপেক্ষা করেছেন শাহরুখভক্তরা। কিং খানের ছেলেকে শুধু এক ঝলক দেখার জন্য। ধীরে চলা আরিয়ানের সাদা গাড়ির পেছনে সারাটা পথ অনেকেই ছুটেছেন। আর মান্নাতের সামনে তো রীতিমতো হয়েছে উত্সব। বেজেছে বাদ্যি, ছিটানো হয়েছে ফুল। দেখা যায়, শাহরুখ-আরিয়ানের ছবিতে তৈরি ব্যানার হাতে গলা ফাটাচ্ছে একদল। তাতে লেখা, তোমাকে স্বাগত রাজপুত্র, মনোবল হারিয়ো না। শনিবার সকাল থেকেই আরিয়ানের পথ চেয়ে এক সাধু বসে রয়েছেন মান্নাতের সামনে। ছিল অনেকেরই প্রার্থনা। শাহরুখের পাশাপাশি তার পরিবারের সঙ্গেও যেন তারা একসূত্রে বাঁধা।
