ঘাটাইলে গৃহবধূ, তার প্রেমিক ও শাশুড়িসহ তিন জনের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২৩:১১

ঘাটাইলের দক্ষিণ কাশতলা গ্রামে গৃহবধূ, তার প্রেমিক ও শাশুড়ির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টায় একটি বাড়ির কক্ষ থেকে  তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—গৃহবধূ সুমী বেগম (২৫), শাশুড়ি জমেলা খাতুন (৬০) এবং সুমীর প্রেমিক পার্শ্ববর্তী  কালিহাতী  উপজেলার  শাহজালাল (৩০)। এসময় সুমীর চার বছরের ছেলে সাফিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সুমীর স্বামী জয়েন উদ্দীন সৌদিআরব প্রবাসী। ঘাটাইল থানার ওসি মো. আজহারল ইসলাম সরকার হত্যাকাণ্ডের  ঘটনাটি      নিশ্চিত করেছেন। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানাতে পারেননি। 

নিহত জমেলার আরেক পুত্রবধূ শাহনাজ বেগম জানান, সুমী প্রতিদিনের মতো গত শুক্রবার রাতেও শাশুড়ি ও চার বছরের ছেলে সাফিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে তারা ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া-শব্দ না পাওয়ায় একটা সময় দরজা ভেঙে ঘরে ঢুকি। দেখি খাটের উপর সুমীর লাশ। তার পায়ের উপর অজ্ঞাত এক যুবক ঘরের দেয়ালে হেলানরত অবস্থায় মরে পড়ে আছে। মেঝেতে শাশুড়ির রক্তাক্ত লাশ এবং সাফি অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে। সাফির মাথায় আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি ঘাটাইল থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে আসে।

নিহত জমেলা খাতুনের ভাই জামির আলী জানান, সুমীর স্বামী জয়েন উদ্দিন সৌদিআরব এবং ভাসুর জয়নাল আবেদীন কুয়েত প্রবাসী। উভয় ভাইয়ের পরিবার পাশাপাশি বাড়িতে থাকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী  কালিহাতী  উপজেলার  শাহজালালের সঙ্গে  সুমীর প্রেম ছিল। সুমীর বাবা সুমীর ইচ্ছার বিরুদ্ধে জয়েনের সঙ্গে ৮/১০ বছর আগে বিয়ে দেন। বিয়ের কিছু দিন পরই জয়েন সৌদিআরব চলে যায়। আবারও শাহজালালের সঙ্গে সুমীর প্রেম শুরু হয়। এক পর্যায়ে সুমী শাহজালালের হাত ধরে চলে যায় সংসার করতে। জয়েন উদ্দিন কয়েক মাস আগে দেশে ফিরে আসলে প্রেমের সম্পর্কটি জানাজানি হয়। সাফির ভবিষ্যতের কথা চিন্তা করে পুনরায় সুমী ও জয়েন উদ্দিন একত্রে বাকি জীবন কাটাবেন বলে প্রতীজ্ঞাবদ্ধ হন। কিন্তু জয়েন সৌদি যাওয়ামাত্রই পুরোনো প্রেম নতুন করে গড়ে উঠে।  

ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের ঘটনাটি সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ঘটনার জোর তদন্ত চলছে।