বিশ্বব্যাপী বড় ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোর ওপর সর্বনিম্ন করপোরেট ট্যাক্সের হার ১৫ শতাংশের অনুমোদন দিয়েছে জি-২০ গ্রুপভুক্ত দেশগুলোর নেতারা। গতকাল শনিবার ইতালির রোমে এই গ্রুপের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। সেখানেই নেতারা এই সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেন। এটি ২০২৩ সালের প্রথম দিকেই কার্যকর হবে। পরে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে এক বিবৃতি দিয়ে বলেন, এর ফলে দীর্ঘদিনের একটি আশা পূরণ হবে। সম্মেলনে জলবায়ু পরিবর্তনকে প্রাধান্য দিয়ে আলোচনা শুরু হয়। গুরুত্ব পায় অর্থনীতি ও করোনা মোকাবিলাও।
সমৃদ্ধশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০। দুই দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বনেতারা। যদিও এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট সশরীরে উপস্থিত না থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। করোনা মহামারির মধ্যে এই প্রথম বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর নেতারা সশরীরে কোনো বৈঠকে মিলিত হয়েছেন। জলবায়ু পরিবর্তন এবং কোভিড মোকাবিলা নিয়ে আলোচনাই ছিল শীর্ষে।
সম্মেলনে বলা হয়, কার্বন নির্গমন কমাতে জরুরি পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে ক্রমবর্ধমান ও ভয়ানক হুমকি তৈরি হবে বিশ্ব জুড়ে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘টিকাগুলো দ্রুত, ন্যায়সংগতভাবে বিশ্বব্যাপী বিতরণ করা উচিত।’ অপরদিকে, ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেন, ভ্যাকসিনের বৈষম্যের বিষয়টিকে তিনি ‘নৈতিকভাবে অগ্রহণযোগ্য’ বলে মনে করেন। আগামী বছরের মাঝামাঝি বিশ্বের জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভবিষ্যতে কোনো মহামারি প্রতিরোধের পরিকল্পনা নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে জ্বালানি শক্তি উত্পাদন বাড়ানোর জন্য দেশগুলোকে চাপ দেন।
এদিকে, সোমবার গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতো আরো অনেক জি-২০ নেতাই সরাসরি সেখানে চলে যাবেন। এই সম্মেলনকে দেখা হচ্ছে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বিশ্বকে বাঁচানোর শেষ সুযোগগুলোর একটি হিসেবে।
