যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২৩:১৪

পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য ফাইজারের করোনা ভ্যাকসিন অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন সংস্থা-এফডিএ এই অনুমোদন দেয়। অনুমোদনের মধ্য দিয়ে দেশটিতে এই বয়সি ২ কোটি ৮০ লাখ শিশুর টিকা নেওয়ার পথ তৈরি হলো।

পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের ১০ মাইক্রোগ্রাম টিকা প্রয়োগ করা হবে। অন্য বয়সিদের প্রয়োগ করা হয় ৩০ মাইক্রোগ্রাম পরিমাণ। বিশেষজ্ঞরা বলছেন, পরিমাণ কমিয়ে আনায় টিকার কারণে হূদযন্ত্রের প্রদাহসহ অন্যান্য বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমে আসবে। শিশুদের উপর টিকাটি প্রয়োগের পদ্ধতি সম্পর্কে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপদেষ্টাদের পরামর্শ পাওয়ার পরই এর বিতরণ শুরু হবে। তবে গতকাল শনিবার থেকেই শিশুদের জন্য তৈরি ভায়ালগুলো ফার্মেসিসহ বিতরণ কেন্দ্রগুলোতে পাঠানো হয় বলে জানিয়েছে ফাইজার কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের আগে চীন, চিলি, কিউবা, সংযুক্ত আরব আমিরাতসহ অল্প কয়েকটি দেশ শিশুদের জন্য কোভিড টিকার অনুমোদন দিয়েছে।