যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, গোটা দেশ একযোগে রানি এলিজাবেথের জন্য প্রার্থনা করছে। চিকিত্সকরা রানিকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়ার খবর প্রকাশিত হবার পর দেশবাসী তার আশু সুস্থতা কামনা করছে বলে জনসন জানান। তিনি আরো বলেন, রানি শারিরীক ও মানসিকভাবে যথেষ্ট সুস্থ আছেন। তবে সবচে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চিকিত্সকদের পরামর্শ মেনে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।
বরিস জনসন গতকাল আরো বলেন, প্রতি সপ্তাহের মতো আমি রানির সঙ্গে কথা বলেছি এবং মানসিকভাবে যথেষ্ট চাঙ্গা দেখেছি। উদ্বেগের কিছু নেই। কেবল আগাম সতকর্তা অবলম্বন করতে হবে। আমার মতো সারা দেশের মানুষ রানির জন্য প্রার্থনায় সামিল হয়েছে।
এক বিবৃতিতে শুক্রবার জানানো হয় যে, ৯৫ বছর বয়সী রানিকে যে কোনো হালকা দায়িত্ব পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ভার্চ্যুয়ালি বিভিন্ন মিটিংয়ে অংশ নিতে পারবেন তিনি। আগামী ১৪ নভেম্বর সিনোটাফে রিমেমব্রেন্স সানডে সার্ভিস অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে তিনি খুবই অধীর হয়ে আছেন। -বিবিসি
