ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, জাতীয় পর্যায়ে প্রধান বিরোধী দল কংগ্রেস সিদ্ধান্ত নিতে পারছে না বলেই আজ ভারতবাসীকে ভুগতে হচ্ছে। কংগ্রেস রাজনীতিতে মনোযোগী না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরো শক্তিশালী হয়ে উঠবেন। গতকাল শনিবার গোয়ায় সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে—মমতা বলেন, বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোকে একতাবদ্ধ করার বিষয়ে গুরুত্ব দিতে ব্যর্থ হচ্ছে কংগ্রেস। তারা অতীতে ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা বিজেপির বিরুদ্ধে লড়াই না করে আমার রাজ্যে আমার বিরুদ্ধে লড়েছে। তিনি বলেন, দিল্লির দাদাগিরি আর চাই না। আমি চাই আঞ্চলিক দলগুলো শক্তিশালী হোক। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী হোক। রাজ্যগুলো শক্তিশালী হলে কেন্দ্র শক্তিশালী হবে।
