দেড় বছরের মধ্যে সর্বনিম্ন শনাক্ত

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০০:৩০

দেশে গত এক দিনে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১৬৬ জন। শনাক্তের এ সংখ্যা গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে মহামারি শুরুর সময়ে গত বছরের ১২ এপ্রিল ১৩৯ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। অর্থাত্ দেশে করোনা ভাইরাসে দৈনিক সংক্রমণ কমতে কমতে দেড় বছর আগে মহামারি শুরুর পর্যায়ে নামল। বছর গড়িয়ে এই বছরের শুরুতে সংক্রমণের হার কমলেও তা ২০০ এর নিচে নামেনি। গত ২৪ ঘণ্টায় দেশের ৬৪ জেলার মধ্যে করোনাতে দুই অঙ্কের রোগী শনাক্ত হয়েছে কেবল এক জেলায়। আর এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছে ৩১ জেলায় আর নতুন করে শনাক্ত হয়নি ৩২ জেলায়।

নতুন ১৬৬ জনকে নিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আট জন  কোভিড রোগী। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৬২ জন। এক দিনে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চার জন, চট্টগ্রাম বিভাগে দুই জন আর খুলনা ও সিলেট বিভাগের রয়েছেন এক জন করে। দেশের বাকি চার বিভাগে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। মারা যাওয়া আট জনের মধ্যে ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় মৃত্যু হয়েছে চার জনের, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও নোয়াখালী  জেলায় এক জন করে আর খুলনা বিভাগের যশোর ও সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মারা গেছেন এক জন করে। দেশের বাকি ৫৯  জেলায় করোনাতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।