আজ ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সামাজিক বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের এই দিনে জাসদ গঠিত হয়। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ, আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং শরিফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে থাকা ‘বাংলাদেশ জাসদ’ আজ পৃথক কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন অংশই পৃথক বিবৃতিতে দলের নেতা-কর্মী-সমর্থক ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাসদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ বিকাল সাড়ে ৩টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা হবে। এতে সভাপতিত্ব করবেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি। আলোচনাসভা শেষে বিকাল সাড়ে ৫টায় মশাল মিছিল বের করা হবে। সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৬টায় শহিদদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে জাসদ।
আ স ম রবের জেএসডি আজ বেলা ৩টায় মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আলোচনাসভা করবে। আ স ম রবের সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনাসভায় প্রধান আলোচক থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, ড. রেজা কিবরিয়া, অ্যাডভোকেট সানোয়ার হোসেন তালুকদার, জোনায়েদ সাকি, তানিয়া রব প্রমুখ আলোচনায় অংশ নেবেন। অন্যদিকে, শরিফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে।
