আরো ১২৭৯ পর্নো সাইট ব্লকের নির্দেশ বিটিআরসি’র

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আরও ১ হাজার ২৭৯টি পর্নো সাইট ব্লক করার নির্দেশ দিয়েছে। গতকাল সকালে বিটিআরসি দেশের সবগুলো আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশনা পাঠিয়েছে। দেশের একটি শীর্ষস্থানীয় আইআইজির ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, এরই মধ্যে বিটিআরসির নির্দেশনা কার্যকর (পর্নো সাইট ব্লক) করতে শুরু করেছে আইআইজিগুলো।

এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘পর্নো সাইট ব্লকের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এভাবে চলতে থাকলে ইন্টারনেট সেবা নিরাপদ রাখা সম্ভব হবে। এর আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্নো সাইট (ডোমেইন ও লিংক) আইআইজির সহায়তায় ব্লক করার নির্দেশ দেয়।