পিরোজপুরের ইন্দুরকানীর কে সি টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অফিস সহকারী প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন। আজ রবিবার সন্ধ্যায় ৫ টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলার বালিপাড়ার চরবলেশ্বর গ্রামের আব্দুর রহমান হাওলাদারের ছেলে রিপন হাওলাদারকে (৪০) কুঠার আঘাত করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খোলপটুয়া গ্রামের আবু বকর বেপারীর ছেলে কাঞ্চন (৩৬) হামলা চালিয়ে খুন করে রিপনকে। হামলাকারী কাঞ্চনকে স্থানীয় ইউপি সদস্য মোস্তফা হাওলাদার জনতার সহায়তায় আটক করে বালিপাড়া পুলিশ ফাঁড়িতে দিয়েছেন। স্থানীয়দের অভিযোগ কাঞ্চন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। এ কারণে তার স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ চলছিল।
ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, সম্প্রতি কাঞ্চন ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। এ কারণেই চাচা শ্বশুর রিপনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল কাঞ্চনের। তাই কাঞ্চন প্রকাশ্যে চন্ডিপুর বাজারে বসে চাচা শ্বশুর রিপনকে কুঠার দিয়ে মাথায় কোপ দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রিপন কে সি টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ইউপি সদস্য শহিদুল ইসলাম।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, কাঞ্চনকে আটক করা হয়েছে। আর রিপনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এমআই
