পাকিস্তান কোচের আশাবাদ

পিএসএল থেকেও আসতে পারে বিশ্বকাপের কেউ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

পাকিস্তানের ক্রিকেট কোচ মিকি আর্থার জানিয়েছেন যেসব স্থানীয় খেলোয়াড় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো খেলবে তারা বিশ্বকাপগামী দলে সুযোগ পেতে পারেন। পাকিস্তানের একটি বেসরকারি নিউজ চ্যানেলকে এ কথা বলেন তিনি।

মিকি আর্থার বলেন, ‘পিএসএল অতীতে অনেক মেধাবী খেলোয়াড় বের করেছিল। এবং আমি এ মৌসুমেও আরো অনেককে পাওয়ার ব্যাপারে আশাবাদী।’ গতকাল দুবাইয়ে শুরু হয়েছে পিএসএল।

পিএসএল এর দল করাচি কিংসেরও প্রধান কোচ মিকি আর্থার। তিনি এ টুর্নামেন্ট ও তা থেকে মেধা বের করে আনার ব্যাপারটির প্রশংসা করেন। তার বিশ্বাস পিএসএল বড় প্রতিযোগিতায় চাপের মধ্যে নিজের সেরাটা দিতে সাহায্য করে খেলোয়াড়দের।

কোচ আর্থার বলেন, ‘আমি নিশ্চিত আমরা আরো নাম খুঁজে পাবো যাকে কিনা আমরা দলে নিতে পারবো। যদিও কেউ এই টুর্নামেন্টে সত্যি ভালো করতে পারে, তাহলে তাকে আমরা ব্যবহার করার জন্য দলে নিতে পারবো। এই প্রতিযোগিতা এতটাই ভালো যে এটা সবসময়েই আমাদের কাউকে না কাউকে ছুঁড়ে দেয়।’

দক্ষিণ আফ্রিকার এই কোচ আরো বলেন, ‘আমি আমার চোখ খোলা রাখতে যাচ্ছি এবং এ মৌসুম থেকেই মেধা পাওয়ার জন্য তাকিয়ে আছি।’ টুর্নামেন্টে করাচি কিংসের সম্ভাবনা নিয়েও কথা বলেন আর্থার। তবে তিনি অন্য দলকে খাটো করে দেখেননি। তার ভাষ্য দলগুলোর সবাই ট্রফি জয়ের জন্য এতে লড়ছে। আর্থার বলেন, ‘আমি আশা করি (ট্রফি জয়)। কিন্তু সেখানে আরো পাঁচটি ফ্রাঞ্চাইজিও আছে। কাজেই কি ঘটে আমরা দেখবো। আমাদের খেলার দিনগুলোতে নিজেদের সেরা সামর্থ্য দিতে হবে।’ ডনস্পোর্টস।