নীলফামারীতে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

নীলফামারীতে ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার মধ্যরাতে ইটাখোলা ইউনিয়নের মাস্টার পাড়া ও পঞ্চপুকুর ইউনিয়নের মিস্ত্রীপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক আফজালুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হল- শহরের থানাপাড়া মহল্লার মৃত. অলিয়ার রহমানের ছেলে আইনজীবীর সহকারী (মুহুরি) লিটন সরকার (৩৪) ও পঞ্চপুকুর ইউনিয়নের দক্ষিণ মিস্ত্রিপাড়ার মহব্বত হোসেনের ছেলে সুমন ইসলাম (১৯)।

আরো পড়ুন: ভালোবাসা দিবসে চাপা পড়ল ছাত্র আন্দোলনে হত্যার সেই ঘটনা

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রেজানুর রহমান জানান, বুধবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারপাড়ায় মাদক কেনাবেচার সময় হাতে নাতে ৪ বোতল ফেনসিডিলসহ লিটন সরকারকে আটক করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চপুকুর ইউনিয়নে সুমনের বাড়িতে অভিযান চালিয়ে আরো ১’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ