নিষেধ অমান্য করে খেলাধুলা, পাঁচ কিশোরকে পিটিয়ে জখম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

সাভারে নিষেধ অমান্য করে একটি মার্কেট সংলগ্ন পাশের ফাঁকা জায়গায় খেলাধুলা করার অপরাধে ৫ কিশোরকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সাভারের দিলখুশাবাগ এলাকায় অন্ধ মার্কেটের পিছনে একটি ফাকা মাঠে এ ঘটনা ঘটে।

মারধোরের শিকার আহত ওই কিশোররা হলো- জাহিদ এস্কেন্দার, ইমন, শরিফ, নাহিন ও আরিফ। এ ঘটনায় জাহিদের পিতা আহসান উল্লাহ বাদী হয়ে স্থানীয় হামিদ, হেলাল ও মাসুমের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে সাভার থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন: ২৪ দিন ধরে বিকল রামেক হাসপাতালের একমাত্র সিটি স্ক্যান মেশিন

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জাহিদ, ইমন, শরিফ, নাহিন ও আরিফসহ কয়েকজন কিশোর প্রতিদিনের মতো স্থানীয় অন্ধ মার্কেটের পিছনের ফাঁকা জায়গায় ধেলাধুলা করছিল। এ সময় ওই জায়গার কেয়ারটেকার হামিদ, স্থানীয় হেলাল ও মাসুদসহ অজ্ঞাত ৭/৮ জন ব্যক্তি ওই কিশোরদের ওই জায়গার খেলতে নিষেধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা লাঠি, রড, হকিষ্টিক ও ধারালো অস্ত্র নিয়ে কিশোরদের উপর হামলা চালায়। এ সময় রডের আঘাতে কিশোর জাহিদের মাথা ফেটে যায় এবং অন্যরাও গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, ‘এ ঘটনায় আহত জাহিদের বাবা থানায় একটি অভিযোগে দায়ের করেছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/বিএএফ