উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই কাহালু উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ ও মহিলা) অংশ নেওয়ার জন্য সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়ে গেছে। এ উপজেলার নির্বাচন হবে আগামী ১৮ মার্চ। উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একজন প্রার্থী হলেও স্বতন্ত্র রয়েছেন দু’জন।
উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন এবং ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনের নাম জানা গেছে। তবে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে নির্বাচন করার কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। বিএনপি ও জামায়াত উপজেলা নির্বাচনে অংশ না নিলেও বিএনপি ও এর অঙ্গ সংগঠন থেকে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জনের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এখানে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে শেষ পর্যায়ে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কাহালু উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজের ছেলে আল হাসিবুল হাসান সুরুজ এবং কাহালু উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমান কাজল। এদিকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জেলা জামায়াতের নেতা ও বর্তমান কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলীর সাথে কথা বলা হলে তিনি বলেন, দলের সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভর করছে।
ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর মধ্যে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ কাহালু উপজেলা শাখার সভাপতি ও বর্তমান কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাহালু উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আব্দুর রশিদ লালু, কাহালু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিব, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সরকার, উপজেলা কৃষকদল নেতা প্রভাষক মো. শাহাবুদ্দীন এবং কাহালু উপজেলা জাতীয় পার্টির নেতা মো. ময়নূল ইসলাম খান সবুজ। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান কাহালু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, রেশমা খাতুন, রওশন আক্তার ও বেদানা বেগম। এদের মধ্যে কবিতা বিএনপি দলীয় এবং বাকিরা সবাই আওয়ামী লীগের। আর এরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।
