বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে ৭ পদাতিক ডিভিশনের ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রাক্তন সেনাবাহিনী প্রধান অব: লে: জেনারেল এম আতিকুর রহমান, অব: লে: জেনারেল এম হারুন উর রশিদ এবং অব: জেনারেল মোহাম্মদ আব্দুল মুমীন।
গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় লেবুখালীতে অবস্থিত সেনানিবাসে এই পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। এতে ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ২৩ আর ই ব্যাটালিয়ন, ৪১ বীর, অর্ডন্যান্স ডেপো বরিশাল, ৭ এম পি ইউনিট, ১২৩ ব্রিগেড সিগন্যাল কোম্পানি, এস এস ডি বরিশাল এবং ৭ এফ আই ইউ ইউনিটসমূহের পতাকা উত্তোলন করা হয়। এতে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল রাশেদ আমিনসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা এবং আমন্ত্রিত সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজন । এ সময় সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে প্রশিক্ষণ মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনা সদস্য হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ মাতৃকার মহান স্বাধীনতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ কর্তব্য পালন করে যাবেন।
