বিমানবন্দরে ভোগান্তি কমাতে উদ্যোগ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীজট ও হয়রানি কমাতে ‘গ্রিন চ্যানেল’ ও ‘রেড চ্যানেল’ নামে যাত্রী গমণাগমনের দুটি রুট চালু করেছে শুল্ক বিভাগ। যেসব যাত্রীর কাছে কোনো শুল্ক-করযুক্ত পণ্য থাকবে না, তারা ব্যাগেজ ঘোষণা ফরম জমা দিয়ে গ্রিন চ্যানেল ব্যবহার করতে পারবেন। আর শুল্ক-করযুক্ত পণ্য থাকলে রেড চ্যানেলে প্রবেশ করে প্রযোজ্য কর পরিশোধ করে কাস্টমস হল ত্যাগ করবেন।

গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে নতুন এ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। উদ্বোধনকালে তিনি বলেন, এর ফলে বিমানবন্দরে যাত্রী হয়রানি কমবে।