নির্বাচন নিয়ে অসন্তোষ থাকলে ট্রাইব্যুনালে মামলা করুন:হানিফ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অসন্তোষ থাকলে ট্রাইব্যুনালে মামলা করার আহ্বান জানিয়ে বলেছেন, যারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কিছু করতে পারেনি, বিরোধীদলে থেকেও মানুষ হত্যা করেছে। তারা এখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে। এসব বিতর্কিত কথাবার্তা বলে কোনো লাভ হবে না। অসন্তোষ থাকলে ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, জাতির সামনে বিএনপির বলার মতো কোনো ইস্যু নেই। স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার রানা প্রমুখ।