নির্বাচন নিয়ে গণশুনানি গণতামাশা ---------- ওবায়দুল কাদের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি-ঐক্যফ্রন্টের গণশুনানি গণতামাশা ছাড়া আর কিছুই নয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, যে গণশুনানিতে প্রধান বিচারপতি হিসেবে ড. কামাল হোসেনের নাম উচ্চারিত হয়, তখন তা আর গণশুনানি থাকে না, সেটা গণতামাশা হয়ে যায়।

নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপি-ঐক্যফ্রন্টের মামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আগেই বলেছি, একটি রাজনৈতিক দল যখন আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়, তখন তাদের সামনে নালিশ ও মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না। এসব করে হতাশ কর্মীদের চাঙা রাখাই হলো তাদের উদ্দেশ্য। এছাড়া তো আর কোনো অবলম্বন নেই, আর কোনো পুঁজিও নেই। এখন মামলা, নালিশই তাদের সম্পদ। আর সেগুলো করেও যখন তারা ব্যর্থ হবে তখন কান্নাকাটি শুরু করবে।’ জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির মামলা করার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হচ্ছে, এতে অসুবিধা  কোথায়? আমরা মামলা মোকাবিলা করব।’ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কয়েকজন প্রার্থীর রদবদল প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী কাদের বলেন, তৃণমূলের অভিযোগ ক্ষতিয়ে দেখে তদন্ত করেই রদবদল করা হয়েছে। তবে এর সংখ্যা বেশি নয়, চার-পাঁচটি।

‘দেশ এখন পুলিশি রাষ্ট্র’ মর্মে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষোভ-দুঃখ থেকে তিনি এ কথা বলতে পারেন। তবে রাশেদ খান মেননের এ বক্তব্যের ব্যাখ্যা তিনি জানেন না। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ‘কাউন্সিল ঠিক সময়ে হবে। অক্টোবরের ২৩ তারিখে আমাদের জাতীয় সম্মেলন হয়। অক্টোবরেই সম্মেলন করার চিন্তা-ভাবনা আছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে তার কথা হয়েছে।’ বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়াকে মুক্তি দেয়ার এখতিয়ার সরকারের নেই। তার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।

সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের গেজেট কবে নাগাদ প্রকাশ করা হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, খুব শিগগিরই প্রকাশ করা হবে। আমরা এ বিষয়ে ইতিমধ্যে একটি সভা করেছি। সহসাই আরো একটি সভা করব। বিষয়টি ঝুলিয়ে রাখা ঠিক হবে না। টেলিভিশনকে ওয়েজবোর্ডের আওতায় আনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইলেক্ট্রনিক মিডিয়াকেও ওয়েজবোর্ডে ইনক্লুড (অন্তর্ভুক্ত) করার পরিকল্পনা রয়েছে।