প্যানেল ঠিক করতে কয়েক দফা বৈঠক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫১

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চলছে ছাত্রলীগে। প্যানেল ঠিক করতে তারা দফায় দফায় বৈঠক করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে। শিক্ষার্থীদের মন জয় করে ডাকসুতে ছাত্রলীগের নেতৃত্ব দিতে হবে-এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড। এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে আজ শুক্রবার বিকাল ৪টায় মতবিনিময় করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, ডাকসুর সাবেক ভিপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আক্তারুজ্জামান, দলের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ও ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ এ বৈঠকে উপস্থিত থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকেই নির্বাচনকে ঘিরে তত্পরতা বেড়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। এখন আলোচনায় প্রাধান্য পাচ্ছে নির্বাচনী প্যানেল। কোনো সংগঠন কীভাবে প্যানেল দেবে, কারা থাকবে সেসব প্যানেলে গুরুত্ব পাচ্ছে এসব বিষয়। ছাত্রলীগের নেতৃত্বাধীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলো, টিএসসির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও পাহাড়ি ছাত্র পরিষদকে সঙ্গে নিয়ে একটি প্যানেল দেয়ার পক্ষে কাজ করছে। গত ১১ ফেব্রুয়ারি গঠনতন্ত্রসহ বিধিবিধানঅনুসারে আবাসিক হলগুলোতে ভোট কেন্দ্র রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। একে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। অন্যদিকে হলে ভোট কেন্দ্র রেখে তফসিল ঘোষণা করার প্রতিবাদে মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর দুই জোট।  ঘোষিত তফসিল অনুসারে ডাকসুর গঠনতন্ত্রের ৬(বি) ও ৭(এ) অনুচ্ছেদ অনুযায়ী ২৫টি পদে আগামী ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।