প্রধানমন্ত্রী জার্মানি পৌঁছেছেন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫-১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) যোগ দিতে জার্মানির মিউনিখে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হোটেল শেরাটন আরাবেলা পার্কে নিয়ে যাওয়া হয়।

প্রধানমন্ত্রী হোটেলে পৌঁছালে প্রবাসী বাংলাদেশী ও সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান। হোটেলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশীদ বুলু, সহ-সভাপতি শহীদুল হক, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কবীর, সুইডেন আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল হাসান, ডা. ফরহাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ফারুক, রিয়াজুল ইসলাম, আনোয়ারুজ্জামান চৌধুরী, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল প্রমুখ।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় শেখ হাসিনা হোটেল শেরাটন আরাবেলা পার্কে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। দেশে ফেরার পথে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করবেন। সেখানে তিনি ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএক্স-২০১৯) অংশ নেবেন। এ ছাড়াও তিনি মধ্যপ্রাচ্যের দেশটির নেতৃবৃন্দের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী আজ শুক্রবার জার্মানিতে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং প্রতিরক্ষা সহযোগিতার ওপর আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেন্টার ফর স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) আয়োজিত ‘হেলথ ইন ক্রাইসিস-হু কেয়ার্স’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি ২০১৭ সালের নোবেল বিজয়ী পরমাণু অস্ত্র ধ্বংস বিষয়ক আন্তর্জাতিক প্রচারণা সংস্থার নির্বাহী পরিচালক বিয়াট্রিস ফিন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) শীর্ষ প্রসিকিউটর ড. ফাতৌ বেনসৌদার সঙ্গে বৈঠক করবেন। বিকালে প্রধানমন্ত্রী সিমেন্স এজি’র প্রেসিডেন্ট ও সিইও জোয়ে কায়িজার এবং ভারিদোসের সিইও হ্যান্স উল্ফগং কুঞ্জের সঙ্গে বৈঠক করবেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্ডি এবং জিগসাওয়ের সিইও জারেড কোহেনের যৌথভাবে আয়োজিত এক নৈশভোজ সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিউনিখের উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।