প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে নির্বাচন পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আপনারা একমাত্র প্রজাতন্ত্রের এবং সংবিধানের কাছে দায়বদ্ধ। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির উপর দায়বদ্ধ নন।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সিইসি এ কথা বলেন। কর্মকর্তাদের ব্রিফ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিইসি ও চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দক্ষ পরিচালনার উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে। তিনি বলেন, মনে রাখতে হবে আপনাদের দক্ষতার উপরে, পারদর্শিতার উপরে, নিরপেক্ষতার উপরে নির্ভর করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। আমি আশা করি, কখনো কারো প্রতি কোনোরকমের দুর্বলতা আপনাদের থাকবে না। কোনো পক্ষপাতিত্ব থাকবে না।
সিইসি বলেন, নির্বাচনে যদি কোথাও কোনো অনিয়ম হয়, প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যায়, প্রিজাইডিং অফিসার যদি সিদ্ধান্ত দেয় যে, তার পক্ষে নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়—তখন রিটার্নিং অফিসার হিসেবে মূল্যায়ন করে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারবেন। রিটার্নিং কর্মকর্তা যদি মনে করেন যে, নির্বাচন তার নিয়ন্ত্রণ বহির্ভূত। তাহলে সে কমিশনে নির্বাচন বন্ধ করে দেয়ার জন্য সুপারিশ করবে। কমিশনের কাছে তার যুক্তি যথাযথ মনে হলে সেই পুরো উপজেলার নির্বাচন বন্ধ করে দেয়ার ক্ষমতা রাখে। নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয়েরও নির্দেশ দেন সিইসি।
ওই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসিতে আত্মবিশ্লেষণমূলক আলোচনা হয়নি। তিনি বলেন, গণতন্ত্র কখনো একদলীয় হয় না। বহুদলীয় না হলে গণতন্ত্র রূপ লাভ করে না। এজন্য নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার বিষয়টিতে সর্বদা গুরুত্ব আরোপ করা হয়। তবে নির্বাচন অংশগ্রহণমূলক হওয়া নিতান্তই প্রাথমিক প্রাপ্তি। নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হতে হয়। এ দুটি শব্দের পরিমাপক জনগণ, যারা নির্বাচন করেন তারা নয়। এই প্রেক্ষাপট মনে রেখে আগামী উপজেলা নির্বাচন যাতে নির্বাচনী ব্যবস্থাপনার প্রতি জনগণকে অধিকতর আস্থাশীল করতে পারে, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় উপজেলা পরিষদ যেভাবে দায়িত্ব পালন করার কথা, তা সম্ভব হচ্ছে না।
