কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষি গ্র্যাজুয়েটদের প্রথম শ্রেণির পদমর্যাদা ঘোষণা করেছিলেন।
বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন, ‘আমি তোদের পদমর্যদা দিলাম, তোরা আমার মান রাখিস’। তখন থেকে কৃষিবিদরা প্রথম শ্রেণির মর্যাদা লাভ করেন। শিক্ষার্থীদের সেদিন কাগজ কলম বইয়ের পাশাপাশি প্যান্ট-কোট খুলে গ্রামে কৃষকদের সাথে কাজ করার আহ্বান করেছিলেন। তিনি স্পষ্টভাবে সেদিন বলেছিলেন, ‘সবুজ বিপ্লব ব্যতীত দেশের অগ্রগতি সম্ভব নয়।’ কৃষিবিদরা বঙ্গবন্ধুর মান রেখেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে কৃষিবিদ দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তার শুরুটা করেছিলেন বঙ্গবন্ধু এবং তার অসমাপ্ত কাজটুকু সম্পন্ন করেছেন তারই সুযোগ্য উত্তরসূরী কৃষকরত্ন শেখ হাসিনা। কৃষি ও কৃষকদরদী বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
কৃষিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয় বরং কৃষিপণ্য বহির্বিশ্বে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। কৃষিবিদরা শুধু কৃষি ক্ষেত্রে নয়, জাতীয় রাজনীতিতে, প্রশাসনিক, ব্যাংকিংসহ সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে।
কেআইবি’র ভারপ্রাপ্ত সভাপতি ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স এর স্বাগত বক্তব্যে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
