জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কার্যালয়ে দুদকের অভিযান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৭

রাজধানীর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রামের ফিরোজ শাহ এস্টেটের কয়েকশত কাঠা জমি বেআইনিভাবে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার বিষয়টি সাংবাদিকদের জানান দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ৩০৮ কাঠা জমি বন্দোবস্তের বিষয়ে গুরুতর অনিয়মের অভিযোগ আসে সংস্থার অভিযোগ কেন্দ্রে (১০৬ নম্বরে)। ওই অভিযোগ পেয়ে দুদকের এনফোর্সমেন্ট দলের সদস্যরা সেখানে অভিযান চালান। দুদক জানায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ফিরোজ শাহ হাউজিং এস্টেটের জমি থেকে ৫ দশমিক ১৩ একর জমি গৃহায়ন কর্তৃপক্ষের নয় মর্মে সাবেক নির্বাহী প্রকৌশলী ওম প্রকাশ নন্দী অনাপত্তি দেন। এর মাধ্যমে ওই জমি কর্তৃপক্ষের বেহাত হয়। পরবর্তীকালে জেলা প্রশাসন ওই জমি ২৮ জন বরাদ্দ গ্রহীতার নাম জারি করে। এ কারণে ১০০ কোটি টাকারও বেশি দামের সরকারি সম্পত্তি বেহাত হয়ে যায়। দুদক টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কার্যালয়ে অভিযান চালিয়ে রেকর্ডপত্র পরীক্ষা ও পর্যালোচনা করে এসব তথ্য সম্পর্কে নিশ্চিত হয়।