পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাক চাপায় আরমান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল এগারটার দিকে পাথরঘাটা চরখালী সড়কে তুষখালী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান পার্শ্ববর্তী থানা ভাণ্ডারিয়ার হরিণপালা গ্রামের মো. আফজাল হাওলাদারের ছেলে। সে মঠবাড়িয়ার তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া থেকে শুক্রবার সকালে আরমান তার চাচা হানিফ হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬২৯২২) মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরমান ঘটনা স্থলে মারা যায়।
এ সময় সঙ্গে থাকা হানিফ হাওলাদার গুরুতর আহত হন। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শওকাত আনোয়ার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/অনি
