মহিষ চুরিকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:১৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে পুরুষ ও মহিলাসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। মহিষ চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সকাল ১১টা থেকে ২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষে আহতদের উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ঈদুল আজহার পূর্বে মহিষ চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মধুপুর গ্রামের ফকির বাড়ি ও মগা বাড়ির লোকজনের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। এ নিয়ে ঈদুল আজহার পর দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। গ্রাম্য রাজনীতির মারপ্যাঁচে এই বিরোধর নিষ্পত্তি না হওয়ায় দুই দলের মধ্যে দীর্ঘদিন এই বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রবিবার সকালে ফকির বাড়ি ও মগা বাড়ির দুই যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নিরপেক্ষ লোকজনের প্রচেষ্টায় বিকেল দুইটায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। 

দুই দল গ্রামবাসীর সংঘর্ষ। ছবি: আশুগঞ্জ সংবাদদাতা

এ সময় পুলিশ উভয় পক্ষের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু পুলিশ চলে যাবার কিছুক্ষণ পরই বিকেল আড়াইটায় পুনরায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশ ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় বিকেল পাঁচটায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। দু’দফা সংঘর্ষে পুরুষ ও মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ