রাঙ্গাবালীতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি খামারের ২০০ হাঁস মারা গেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এদিকে শুক্রবার দুপুরে বিষক্রিয়ায় মৃত কয়েকটি হাঁস ময়নাতদন্তের জন্য গলাচিপা পাঠানো হয়। খামারি জলিল গাজীর অভিযোগ, এক সপ্তাহ আগে চরবেষ্টিন গ্রামের হানিফ হাওলাদার আমাকে তার এলাকায় হাঁস নিতে নিষেধ করেছে। হানিফ ভোলা থেকে এক খামারিকে এনেছে, ওই খামারি সেইখানে হাঁস পালবে বলে। এ নিয়ে আমাদের মধ্যে বিরোধ আছে। শত্রুতার জের ধরে বৃহস্পতিবার সকালে চরবেষ্টিনে আমার ছেলে হাঁস নিয়ে গেলে তাকে হানিফ মারধর করে। পরে বিকেলে আবার সেখানে হাঁস নিলে বিষ মেশানো ধান খেয়ে হাঁসগুলো মারা যায়। আমার ওপর ক্ষিপ্ত হয়ে এই কাজ হানিফই করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে হানিফ হাওলাদার বলেন, আমার বাড়ির পাশে জলিলের হাঁস নিয়ে এক ছেলে আসে। তখন আমি বলেছি, এত বড় বিল থাকতে আমার বাড়ির পাশে হাঁস আনলে আমার রাজাহাঁসগুলা খাবে কি? তোমরা অন্য পাশে নিয়া খাওয়ায়। এই কথাই বলছি শুধু। শুনছি সন্ধ্যার আগে অনেক দূরে গিয়ে তার হাঁস মরছে। আমি এ বিষয়ে কিছুই জানি না।
রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
