কক্সবাজারে শিশু চক্ষু চিকিত্সা কেন্দ্র চালু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫১

শিশুদের উন্নত চক্ষুসেবা দেওয়ার লক্ষ্যে কক্সবাজারে ‘শিশুবান্ধব চক্ষু চিকিত্সা কেন্দ্র’র যাত্রা শুরু হয়েছে। কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় ও অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই চক্ষু সেবা কেন্দ্রটি পরিচালনা করবে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল।

গত বৃহস্পতিবার বায়তুশ শরফ হাসপাতালে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বব র্যাঙ্ক। এ সময় উপস্থিত ছিলেন- বায়তুশ শরফ হাসপাতালের সাধারণ সম্পাদক এমএম সিরাজুল ইসলাম ও যুগ্ম সম্পাদক কামাল হোসেন, কক্সবাজার মেডিক্যাল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নূরুল আলম, অরবিস ইন্টারন্যাশনাল-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মুনীর আহমেদ, ডিরেক্টর অব প্রোগ্রামস্ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বব র্যাঙ্ক বলেন, কক্সবাজারের শিশুরা এই শিশু চক্ষু চিকিত্সা বিভাগের মাধ্যমে সহজে ও কম খরচে চোখের উন্নত চিকিত্সা করাতে পারবে। বিশেষ করে যারা চট্টগ্রামে যেতে পারে না, তারা এই কেন্দ্র থেকে একই মানের চিকিত্সা সেবা পাবেন।