পরী ও তামিমের বাগদান সম্পন্ন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৬

প্রেমের প্রসঙ্গটা সাধারণত তারকারা গোপন রাখতে চাইলেও সেই জায়গা থেকে চিত্রনায়িকা পরীমনির বেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্কের খবর সবার জানা। বিভিন্ন সময় তাদের একসঙ্গে ছবির মধ্য দিয়ে সেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অনেক আগেই। এমনকি গণমাধ্যমে বিষয়টি নিয়ে খোলামেলা ছিলেন পরী। এবার সেই সম্পর্কের নতুন রূপ দিতে যাচ্ছেন তিনি।  দীর্ঘদিনের প্রেমিক তামিমের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন ঢালিউডের এই নায়িকা। বৃহস্পতিবার ভালোবাসা দিবসে বাগদান সারেন। পরীমনির রাজধানীর বারিধারার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

পরীমনি এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের সম্পর্কের বিষয়টি সবার জানা। আমাদের প্রেমের সম্পর্ক চলছে অনেকদিন। এবার সেটির একটি পূর্ণাঙ্গ রূপ দিতে চাচ্ছি আমরা। তাই সেদিকেই আমরা এগোচ্ছি।’

তামিম বলেন, ‘ভালোবাসা দিবসের দিনেই আমাদের প্রেমের শুরুটা হয়। তাই বাগদানও হলো ১৪ তারিখে। এবার বিয়ের দিকে এগোনোর পালা। বিয়ের সংবাদ সবাইকে বড় আকারেই জানাব।’

উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তামিমের সঙ্গে  প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন   পরীমনি। এবার ২০১৯ সালে এসে সেই  ভালোবাসা দিবসে বাগদান পর্ব শেষ করলেন ‘সুন্দরীতমা’। এখন কোনো এক ভালোবাসা দিবসে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে।