মাগুরায় আগুনে বাড়ি পুড়ে শিশু নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৪

মাগুরা জেলার মহম্মদপুরে শুক্রবার রাতে আগুন লেগে একটি বসত ঘর ও মালামাল পুড়ে গেছে। এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ২৬ দিন বয়সী সামিউল আমীন নামের এক শিশু মারা গেছে।  মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার রায়পুর গ্রামে নাজমুল মোল্লার বাড়িতে।

এ দুর্ঘটনায় মাসুরা খাতুন (৬) নামের অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মুস্তাইন হোসেন জানান, ‘মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামের নাজমুল মোল্লার বাড়িতে শুক্রবার রাত ১১টার দিকে কেরোসিনের কুপি থেকে মশারিতে আগুন লাগে। পরে তা সারা ঘরে ছড়িয়ে পরে। এ সময় আগুনে ঘরের সকল মালামাল পুড়ে যায়। এ সময় শিশু সামিউল মশারীর মধ্যে ঘুমিয়ে ছিল।’

খবর পেয়ে মহম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতির পরিমান লক্ষাধিক টাকা।

আরও পড়ুনঃ মহারশি নদীতে ব্রিজের অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন অগ্নিকাণ্ডে একজন নিহত এবং একজন আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইত্তেফাক/নূহু