যমুনার চরাঞ্চলে সন্ত্রাসীদের পিটুনিতে একজন নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৬

জামালপুর জেলার ইসলামপুরে যমুনার দুর্গম চরাঞ্চলের চর শিশুয়া গ্রামে সন্ত্রাসীদের পিটুনীতে জামাত আলী (৪০) নামে একজন নিহত  হয়েছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনার দ্বীপ চরাঞ্চলে চর শিশুয়া গ্রামের রইসউদ্দিনের বাড়িতে গত রবিবার একদল গরুচোর চুরি করতে আসে। এ সময় গরুচোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য প্রতিবেশী তোরাব আলীর ছেলে জিয়াউল (২০) ধরা পড়ে। পরে তাকে মারপিট করে ছেড়ে দেয় এলাকাবাসী। 

তারই জের ধরে গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে গরুচোর চক্রের হোতা মোজাহারের নেতৃত্বে একদল সন্ত্রাসী রইস উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে তার তিন ছেলে জামাতালী (৪০), জাহিদুল(৩৮) আহাদ আলী (৩৬), ছোট ভাই কবজ উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন (৪০) এবং ইনতুল্লার ছেলে ফকির আলীকে (২৭) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। 

পরে আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক জামাতালীর অবস্থার অবনতি বুঝে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে জামাতালীর মৃত্যু হয়।

সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ শ্রমিক-কর্মচারিদের বেতন চিনিতে, চাষীদের পাওনা ৩৩ কোটি টাকা

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু