স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
সিটি কর্পোরেশন গ্রীন আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ লাভ করেছে। গতকাল রবিবার চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম তৃতীয় বিভাগ ফুটবল লিগের নিজস্ব শেষ খেলায় নগরের অফিস দলটি ৩-১ গোলের ব্যবধানে মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার বিরুদ্ধে জয়ী হয়ে এই সাফল্য অর্জন করে।
আরমান শাহ ও শাহাজাদা জয়ী দলের পক্ষে এবং শাহাদাত বিজিত দলের হয়ে গোল করেন। আজ তৃতীয় বিভাগ ফুটবল লিগের আরেক গুরুত্বপূর্ণ খেলায় কিষোয়াণ স্পোর্টিং ক্লাব ও মুক্ত বিহঙ্গ ক্লাব পরস্পরের মোকাবিলা করবে। খেলায় যে দলটি জিতবে, সে দলটিও আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ পাবে। তবে লিগে চ্যাম্পিয়ন-রানার্সআপ পজিশনের জন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ দুই দলকে শিরোপা নির্ধারণী খেলায় অংশ নিতে হবে। আগামী ২৫ নভেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
