সিএস পর্চা অনুযায়ী নদী উদ্ধার করা হবে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৭

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, যারা নদীর জমি দখল করেছে, নদীর জমি দখলে যারা সহায়তা করেছে, নদীর জমি ব্যক্তির নামে যারা আরএস মাঠ পর্চা করে দিয়েছে তাদের কেউ ছাড় পাবেনা। প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। নদীর তীর দখলকারীরা যাতে আদালতের শরণাপন্ন হয়ে দখলদারিত্ব দীর্ঘায়িত করতে না পারে সেই দিক লক্ষ্য রাখা হচ্ছে। 

শনিবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে বগুড়ার নদী দখল, পানি দূষণ অবস্থার পর্যালোচনা এবং উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি আরো বলেন, সিএস পর্চা অনুযায়ী নদী উদ্ধার করা হবে। নদী আইন অনুযায়ী নদীর পাড় যদি ভেঙ্গে যায় তবে যে অংশ ভেঙ্গে নদী গর্ভে যাবে সেই অংশও নদীর বলে গণ্য হবে। 

বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ড. এনামুল হক, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. আশরাফুজ্জামান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, বগুড়া পৌরসভার মেয়র এড. একেএম মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর প্রমুখ। 

আরো পড়ুন: পাঞ্জাবি গানে ঝড় তুললেন সানি লিওন

এর আগে বেলা’র পক্ষে উপস্থাপনা করেন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক তন্ময় সান্যাল ও করতোয়া নদীর সার্বিক বিষয় উপস্থাপনা করেন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ। বাপা’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্য‌দের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মো. আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক,  সহকারি কমিশনার (ভূমি) তমাল হোসেন, বাপা’র সভাপতি আনোয়ারুল করিম দুলাল, বাপা নেতা অধ্যাপক আব্দুল মান্নান, বিআইআইটি’র অধ্যক্ষ প্রকৌশলী শাহাবুদ্দিন সৈকত, মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

ইত্তেফাক/অনি