ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) নির্মাণ শ্রমিকদের জন্য অবিলম্বে পেনশন স্কিম চালুর দাবি জানিয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়। বলা হয়, ৪০ লক্ষাধিক নির্মাণ শ্রমিক দেশের সকল প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো নির্মাণের মূল কারিগর। জাতীয় প্রবৃদ্ধি অর্জনেও তাদের অবদান অনেক। কিন্তু এই নির্মাণ শ্রমিকরা ঝুঁকিপূর্ণ, ধুলাবালিসহ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করে। এতে হরহামেশাই দুর্ঘটনায় নিহত-আহত হয়ে অঙ্গহানি ও পঙ্গুত্ববরণ করা ছাড়াও ক্যান্সার, কিডনি, ফুসফুস ও শ্বাসকষ্টসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়। ইনসাবর কার্যকরী সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) কেন্দ্রীয় নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান। আরও বক্তব্য রাখেন ইনসাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ, সাইফুল ইসলাম খোকন প্রমুখ।
