ডাকসু নির্বাচন

ছাত্রলীগকে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরির নির্দেশ আওয়ামী লীগের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের বিষয়ে খোঁজ-খবর রাখছে আওয়ামী লীগ। প্রার্থীদের তথ্য সংগ্রহ ও (সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছেন দলটি। আগামী ১৯  ফেব্রুয়ারি মধ্যে এই তালিকা জমা দিতে বলা হয়েছে। গত শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, বৈঠকে ডাকসুর প্রার্থীদের বিষয়ে তথ্য সংগ্রহ ও সংক্ষিপ্ত তালিকা করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকাগুলো নিয়ে বসে নীতিমালা ঠিক করা হবে- কারা কোনো পদে নির্বাচন করবেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী সেই তালিকা থেকে প্রার্থী চূড়ান্ত করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনি সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মেজাম্মেল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান, এবিএম রিয়াজুল কবীর কাওছার, ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানী চিনু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ। সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাইফুর রহমান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ। এছাড়া বৈঠকে ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক হোসাইন সাদ্দামসহ ছাত্রলীগের বিগত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী চান ডাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের সৃষ্টি হোক, সেটা আমরাও চাই। আব্দুর রহমান বলেন, ছাত্র রাজনীতির ইতিবাচক দিক বিবেচনা করেই ডাকসুতে জয় পেতে হবে ছাত্রলীগকে।

আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০ ভাগ ছাত্র হলে থাকে, আর চল্লিশ ভাগ ছাত্র ঢাকা শহর ও আশেপাশের শহরে থাকে। ছাত্রলীগের সাবেক নেতাদের তাদের সঙ্গে সেতুবন্ধন সৃষ্টি করতে হবে।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ক্যাম্পাসে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। ডাকসুতে আমাদের বিজয় নিশ্চত করতে হবে।