চট্টগ্রামে লড়ছে বাংলাদেশের যুবারা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৫

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচে ইংল্যান্ডের বড় রানের নিচে চাপা পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৩৭ রানে। সফরকারীদের বড় সংগ্রহের বিপরীতে লড়ছে বাংলাদেশ যুব দল। গতকাল দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে ১৯৪ রান। মাহমুদুল হাসান ৬২ ও রুহেল আহমেদ শূন্য রানে অপরাজিত আছেন। এখনও ১৪৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশের যুবারা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন মাহমুদুল হাসান ও শাহাদাত হোসেন। তারা ১১০ রানের জুটি গড়েন। দিন শেষের দুই বল আগে শাহাদাত আউট হন ৫৬ রান করে। তানজিদ হাসান ৩৬, পারভেজ হোসেন ১৮ রান করেন। ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি অধিনায়ক আকবর আলী, তৌহিদ হূদয়, অমিত হাসানরা। ইংল্যান্ডের পক্ষে অলড্রিজ দুটি উইকেট নেন। 

এর আগে গতকাল শেষ চার উইকেটে ৪২ রান যোগ করেছিল ইংল্যান্ড। জর্জ হিল ৯০, হলম্যান ২৪ রান করেন। বাংলাদেশের মিনহাজুর-মোজাক্কির তিনটি করে উইকেট নেন।