ধ্রুব মিউজিক স্টেশনে রুনা লায়লার নিজ সুরে গান

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১২

আবারো নতুন গানে কণ্ঠ দিলেন কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা। ভালোবাসা দিবসে গানটির রেকর্ডিং করা হয়েছে। এটি গেয়েছেন সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের জন্য।

আরো চমক হলো, এই গানটি রুনা লায়লা নিজেই সুর করেছেন। জানিয়েছেন, নিজের সুরে এটাই তার প্রথম গান গাওয়া। লিখেছেন কবির বকুল আর সঙ্গীতায়োজন করেছেন যুক্তরাজ্যের সঙ্গীতায়োজক রাজা কাশেফ। রুনা লায়লা গানটি প্রসঙ্গে বলেন, ‘এটি আমার জন্য ভিন্ন একটি গান। কারণ প্রথমবার কোনো গানের সুর করলাম আমি। ধন্যবাদ ধ্রুব গুহকে। কারণ তার যদি আগ্রহ না থাকতো তাহলে এই গান হয়ে উঠতো না।’

ধ্রুব বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া। রুনা লায়লা আমার চ্যানেলের জন্য গানটি করেছেন, আমি কৃতজ্ঞ তার প্রতি। দারুণ একটি চমক তার ভক্তদের জন্য আসতে যাচ্ছে।’

শিগগিরই গানটির ভিডিও নির্মিত হবে। প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে।