আল মাহমুদকে শেষ শ্রদ্ধা, আজ দাফন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৪

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের দ্বিতীয় জানাজা গতকাল শনিবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে অনুষ্ঠিত হয়। বাদ জোহর ওই জানাজায় দেশের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এর আগে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কবির মরদেহ বাংলা একাডেমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজীর নেতৃত্বে কর্মকর্তারা ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানান। আজ রবিবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে বাদ জোহর কবি আল মাহমুদকে দাফন করা হবে।

বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনে আরও অংশ নেন কবি মুহম্মদ নূরুল হুদা, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি-সাংবাদিক সোহরাব হাসান, আলোকচিত্রী নাসির আলী মামুন, বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, কবি আবদুল হাই শিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শংকর সাঁওজাল, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক সুমন রহমান, অনুবাদক আলীম আজিজ, ড. ফজলুল হক তুহিন, কবি সরকার আমিন, কবি জাফর আহমদ রাশেদ, শিল্পী শাহীনুর রহমান, কবি আলতাফ শাহনেওয়াজ, কবি পিয়াস মজিদ প্রমুখ ছাড়াও কবির পরিবারের সদস্যবৃন্দ।

এর আগে দীর্ঘদিন সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত থাকা কবির মরদেহ দুপুর সাড়ে ১২টার দিকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহম্মেদ, চিত্রপরিচালক ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পরিচালক নূরুদ্দিন আহমেদ প্রমুখ।

এদিকে কবি আল মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

কবি আল মাহমুদ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।