ক্রাইস্টচার্চেও ব্যাটিংয়ে ম্লান বাংলাদেশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৩

কন্ডিশনের বৈরিতা অগ্রাহ্য করার সুযোগ নেই। কিন্তু নিউজিল্যান্ড সফরে প্রকট হয়ে উঠেছে বাংলাদেশের ব্যাটিং দৈন্য। পরপর দুই ম্যাচে টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিল বয়ে এনেছে সিরিজ হার। নেপিয়ারের মতো গতকাল ক্রাইস্টচার্চেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০-তে সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা। আগামী ২০ ফেব্রুয়ারি ডানেডিনে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। 

হ্যাগলি ওভালে গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মার্টিন গাপটিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ৩৬.১ ওভারে দুই উইকেটে ২২৯ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সেঞ্চুরিয়ান গাপটিল ম্যাচ সেরা হন।

তামিম ইকবাল-লিটন দাসদের অনুজ্জ্বল ব্যাটিংই দুটি ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। তবে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের গতিময় ফার্স্ট বোলারদের কৃতিত্বও অনেক। ঘরের মাঠে বাংলাদেশের ব্যাটসম্যানদের পেছনে পাঁচ ফার্স্ট বোলার লেলিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। বোলিংয়ে বোল্ট-ফার্গুসনদের গতির ঝড় সামাল দিতে পারছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। নেপিয়ারে চার টপঅর্ডার ব্যাটসম্যান করেছিলেন ৪১ রান, গতকাল ক্রাইস্টচার্চে তাদের অবদান ৫১ রান। তার বাইরে মিডল অর্ডারে বড় ভরসা মাহমুদউল্লাহ দুই ম্যাচে করেছেন ২০ রান।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াইটা করেছেন মোহাম্মদ মিঠুন। নেপিয়ারের পর গতকালও হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ৯৩ রানে পাঁচ উইকেট পতনের পর সাব্বির রহমানের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন মিঠুন। যা বাংলাদেশের স্কোরের মূল রসদ। মিঠুন ৫৭, সাব্বির ৪৩, মুশফিক ২৪, সৌম্য ২২, মিরাজ ১৬, মাশরাফি ১৩ রান করেন। নিউজিল্যান্ডের ফার্গুসন তিনটি, নিশাম-অ্যাস্টল দুটি করে উইকেট নেন। পরে গাপটিলের সেঞ্চুরিতে অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। গাপটিল ১১৮, উইলিয়ামসন অপরাজিত ৬৫, রস টেইলর অপরাজিত ২১ রান করেন। বাংলাদেশের মুস্তাফিজ দুটি উইকেট নেন।