ইটভাটার ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে ট্রেনের একটি বগির কিছু অংশ। এ ঘটনায় ওই ট্রাকের হেলপার জাহিদকে আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজারে এ ঘটনা ঘটে।
বসন্তপুর বাজার রেল ক্রসিংয়ের গেটম্যান যুবরাজ জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী মেইল ট্রেনটি আসার সিগনাল পেয়ে আমি রেল ক্রসিংয়ের দুটি গেট বন্ধ করে দিই। কিন্তু রেল ক্রসিংয়ের কাছেই বসন্তপুর-সুলতানপুর সড়কে রেললাইন ঘেঁষে ইট ভাটার একটি ট্রাক পার্কিং করা ছিল। প্রথমে বিষয়টি খেয়াল করিনি। যখন ট্রেন কাছাকাছি চলে আসে তখন বিষয়টি দেখে ট্রেন চালককে বিপদ সংকেত দিই। কিন্তু ততক্ষণে ট্রাকটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়ে প্রথম বগির কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আরো পড়ুন: যানজটে বিশ্বে প্রথম স্থান অর্জন করল ঢাকা
ওই ট্রেনে দায়িত্বরত রাজবাড়ী রেলওয়ে থানার নায়েক মোহাম্মদ আলী বলেন, ‘ট্রাকটি নিয়ম বহির্ভূতভাবে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা হয়েছিল। দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশ রেলওয়ে ও রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে ট্রাকটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সংঘর্ষের পর ট্রেনের যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। ট্রেনের যে অংশ দুমড়ে-মুচড়ে গেছে সেখানে টয়লেট রয়েছে। ওই মুহূর্তে টয়লেটে কোনো যাত্রী থাকলে তার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারতো।
ইত্তেফাক/জেডএইচ
