ভারতে পাচারের সময় ১৪টি সোনার বারসহ দিলীপ হালদার (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দিলীপ হালদার বেনাপোলের পুটখালী গ্রামের খুদিরাম হালদারের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরাম উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে; এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে দিলীপকে গ্রেফতার করে। এ সময় তার পায়ের স্যান্ডেলের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৪টি সোনার বারসহ তাকে আটক করে। জব্দ সোনার মূল্য ৮৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।
আরো পড়ুন: ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেল ট্রেন
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দিলীপ হালদার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
