ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঠাকুরগাঁও জেলা সমিতির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে তারা জড়িত বিজিবি সদস্যদের বিচারসহ পাঁচ দফা দাবি জানান।
তাদের দাবিগুলো হলো, তিনজন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা, সীমান্তে চোরাচালান বন্ধে পদক্ষেপ নেওয়া, সীমান্ত এলাকায় বিজিবি ও এলাকাবাসীর সহাবস্থান নিশ্চিত করা এবং গ্রামবাসীদের বিরুদ্ধে বিজিবির দায়েরকৃত মামলা প্রত্যাহার করা।
জেলা সমিতির সভাপতি সোহানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, মোস্তাফিজুর রহমান, ওয়াসিউল হক, ইসমাইল হোসেন, বেলাল হোসেন, আনিসুর রহমান, রাজিউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ‘সীমান্তে যারা রক্ষক তারাই এখন ভক্ষকের ভূমিকা পালন করছে। নির্বিচারে আমাদের দেশের মানুষকে তারাই গুলি করছে। এ ঘটনায় বিজিবি বলেছে যে, তারা জীবন রক্ষার্থে গুলি করেছে। অথচ ভিডিওতে দেখা গেছে, সাধারণ মানুষেরা বিজিবির দিকে একটা ইটের টুকরাও ছোঁড়েনি। আমরা বিজিবির বিরুদ্ধে নই। বরং এই ঘটনায় জড়িত বিজিবির বিপথগামী সদস্যদের শাস্তি দাবি করছি।’
আরও পড়ুনঃ গৌরীপুরে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
এদিকে প্রগতিশীল ছাত্রজোটের সদস্য ফিদেল মনির সংহতি জানিয়ে বলেন, ‘যারা সরকারকে ট্যাক্স দেয়, যাদের টাকায় বন্দুক-গুলি কেনা হয়, তাদেরকেই গুলি করে মারা হচ্ছে। ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে নিহতের ঘটনায় জড়িতদের বিচার করে শাস্তি দিতে হবে।’
ইত্তেফাক/নূহু

