সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে মাটি খননকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অপর ১ শ্রমিক। আহত শ্রমিক আবু বকরকে (৭০) নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, বেলাল হোসেন (৬০) কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের মৃত হারুন সেখের ছেলে এবং একই গ্রামের জেলকদ হোসেন (৭০)।
এলাকাবাসী জানান, সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবন নির্মাণ কাজ চলছে। ভবনের বেজমেন্টের জন্য কয়েকদিন যাবৎ মাটি খননের কাজ চলছিল। অন্য দিনের মত রবিবার সকাল থেকেই মাটি কাটার কাজ করছিল কয়েকজন শ্রমিক। বিকাল চারটার দিকে বেজমেন্টের জন্য খননকৃত স্থানে মাটি ধসে তিন শ্রমিক মাটিচাপা পড়ে। এতে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় একজন।
আরও পড়ুনঃ গৌরীপুরে মৃত মানুষ জীবিত করার গুজব, এলাকায় তোলপাড়
আহত শ্রমিককে উদ্ধার করে নর্থবেঙ্গল মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ইত্তেফাক/নূহু
