সালেক খোকন
কথাপ্রকাশ
প্রচ্ছদ : সব্যসাচী হাজরা। মূল্য : ২৫০ টাকা
এক সময় ব্যক্তির জমি চাষের অধিকার থাকলেও জমির মালিকানা থাকত রাষ্ট্রের হাতে। জমিতে উত্পাদিত ফসলের এক-তৃতীয়াংশ কর হিসেবে নির্ধারিত ছিল। গ্রাম-সমাজ সেই কর সংগ্রহ করে জমিদারদের মাধ্যমে তা রাষ্ট্রের তহবিলে জমা করত। সংগৃহীত কর থেকে জমিদাররা পারিশ্রমিক হিসেবে পেত কিছু অংশ। কিন্তু এই আদি পদ্ধতির পরিবর্তন ঘটে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর। নানা খরচের অজুহাতে জমিদাররা তখন সাধারণ কৃষক ও আদিবাসীদের ওপর নানাভাবে করের বোঝা চাপিয়ে দিতে থাকে। ঐ কর আদায়ে তারা গড়ে তোলে লাঠিয়াল বাহিনীও। আবার নির্দিষ্ট সময়ে কর দিতে না পারায় আদিবাসীদের জমিও তারা কেড়ে নেয়। সুযোগ বুঝে ঐ সময় মহাজনরা চড়া সুদে কৃষকদের ঋণের জালে আটকে রাখে। পাহাড়ে বসবাসরত আদিবাসীরাও তখন নানা শোষণ-উত্পীড়নের শিকার হতে থাকে। এসব অন্যায়ের বিরুদ্ধে আদিবাসীরা আইন-আদালত ও পুলিশের কাছ থেকে কখনোই কোনো সহযোগিতা পেত না। ফলে এক সময় তারা ভয়ংকর অত্যাচার ও অবিচারের সম্মুখীন হয়। এই দাসের জীবন থেকে মুক্তির পথ খোঁজে তারা। ফলে লড়াই-সংগ্রাম শুরু করে অত্যাচারী জমিদার, জোতদার, মহাজন ও মুনাফালোভী ইংরেজ শাসকদের বিরুদ্ধে। এ অঞ্চলের আদিবাসীদের গৌরবময় লড়াই-সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে এই গ্রন্থে।
