পতনঊষার স্বাস্থ্য উপকেন্দ্র

জনবল সংকটে প্রত্যাশিত সেবা পাচ্ছে না রোগীরা!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০

নূরুল মোহাইমীন, কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

অবকাঠামো ও জনবল সংকটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে রোগীরা প্রত্যাশিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রের কক্ষ, টয়লেট ও কোয়ার্টারের শোচনীয় অবস্থা। জীর্ণশীর্ণ ঘরে পোকামাকড়ের বসতি।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই হাসপাতালে পানির ব্যবস্থাটুকুও নেই। রোগীরা এসে ফিরে যাচ্ছে। কক্ষ ও টয়লেট শোচনীয়। স্বাস্থ্যকমপ্লেক্সের কোনো কক্ষে ফ্যান নেই। নাইটগার্ড না থাকায় প্রতিষ্ঠানটির জিনিসপত্রও খোয়া যাচ্ছে।’

স্বাস্থ্যকেন্দ্রের আয়া রেহেনা আক্তার বলেন, ‘সপ্তাহে মঙ্গলবার রোগী দেখা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আরো অনেক সমস্যা রয়েছে। পানির প্রয়োজন হলে পার্শ্ববর্তী বাড়ি থেকে এনে খেতে হয়।’

পতনঊষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক বলেন, ‘প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য চেষ্টা চলছে। এলাকার লোকজন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কাজ করানো হচ্ছে। মাটি ভরাট হচ্ছে এবং কোয়ার্টারে কাঠ দিয়ে টিনের চালা তৈরি করা হয়েছে। টিউবওয়েল চুরি হয়ে যাওয়ায় পানির সমস্যা রয়েছে। তবে তা সমাধানের চেষ্টা চলছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কমলগঞ্জ উপজেলার উপসহকারী প্রকৌশলী মামুনুর রহমান বলেন, ‘এক বছর পূর্বে জাইকার মাধ্যমে বরাদ্দকৃত দুই লাখ টাকায় ছাদের সংস্কার কাজ করা হয়েছে।’

কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. রাকিবুল হাসান বলেন, ‘এখানে চিকিত্সকের কোনো পদ নেই। জনবল স্বল্পতার কারণে অন্যস্থান থেকে একজন ভিজিটর দিয়ে চালানো হচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত সমস্যার সমাধান হবে। এছাড়া, পানীয় জলসহ অন্যান্য সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। পেলেই সমস্যার সমাধান হবে।’