ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শনে ডিআইজি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান। শনিবার উপজেলার নোয়ারাই ইউনিয়নের নাইন্দার হাওরের ১নং পিআইসি কর্তৃক নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেন পুলিশের উচ্চ পদস্থ দু’ কর্মকর্তা। পরিদর্শনকালে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটির কথা উল্লেখ করেন ডিআইজি। এসব ত্রুটি নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করার পরামর্শও দেন তিনি। বাঁধের ঢাল যথাযথ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করে পিআইসির কাছ থেকে সঠিক কাজ আদায় করে নেয়ার জন্য ছাতকে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ভানুজয় দাসকে বলেন। পরিদর্শনকালে এসপি মিজানুর রহমান, এডিশনাল এসপি (ছাতক সার্কেল) দোলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, ১নং পিআইসির সভাপতি রাশিদ আলীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।