ভালো কাজের জন্য বগুড়ায় ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৭

স্টাফ রিপোর্টার,বগুড়া

বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচ ক্যাটাগরিতে ১৫ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল রবিবার বগুড়া পুলিশ অডিটোরিয়ামে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এই পুরস্কার প্রদান করেন।

বগুড়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রোকসানা ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এবং  সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। এছাড়াও সভায়  উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার ওসি এবং সকল ফাঁড়ির ইনচার্জবৃন্দ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পাঁচ ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। এগুলো হলো: বিশেষ পুরস্কার, চৌকস কার্য সম্পাদন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী এবং ‘শ্রেষ্ঠ টিআই’। এই পাঁচ ক্যাটাগরিতে কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট, ওসি, ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্কেল অফিসারদের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। পরে এই সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।