ব্রাদার্সকে উড়িয়ে দিল আবাহনী

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

আবাহনী ৪:০ ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার

মাঠে নামার আগে ব্রাদার্স ইউনিয়ন ঘুণাক্ষরেও ভাবেনি এভাবে আবাহনী ঝড়ে উড়ে যাবে। আবাহনী একের পর এক ম্যাচ জয় করে চলেছিল। তাদের সামনে পড়লে যে কোনো দলই ভূপাতিত হবার কথা। যদিও আবাহনীকে আগের খেলায় আরামবাগের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়েছিল।

ব্রাদার্স ধরে নিয়েছিল তাদের বিপক্ষেও আবাহনী সহজেই পার পেয়ে যাবে না। সেই আশার গুড়েবালি দিয়েছে আবাহনী। মাঠে নামার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে আবাহনী। সেই ঝড়ে আবাহনী ৪-০ গোলে ব্রাদার্সকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল।

আবাহনী সাত খেলায় ছয় জয়ে ১৮ পয়েন্ট পেয়েছে। একটা হার আছে সেটি বসুন্ধরা কিংসের বিপক্ষে ৩-০ গোলের। ব্রাদার্স সেই যে এক জয় পেয়েছিল মোহামেডানের বিপক্ষে, তারপর আর এর পুনরাবৃত্তি করতে পারছে না। ছয় খেলায় ৩ পয়েন্ট, বাকি সব হার। এমন দলের বিপক্ষে আবাহনী কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম খুব সাবধানে শুরু করে। কিকঅফে বল পেয়েই তারা আক্রমণে ঝাঁপায়।

স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন, হাইতিয়ান বেলফোর্ট, নাইজেরিয়ান সানডে চিজোবা ব্রাদার্সকে গুঁড়িয়ে দিতে বেশি সময় নেননি। সাঁড়াশি আক্রমণের তেজ বলে দিচ্ছিল যেকোনো মুহূর্তে ব্রাদার্সের গোলমুখের দরজা ভেঙে যাবে। নাস্তানাবুদ ব্রাদার্স নিজেরাই দুমড়ে মুচড়ে গেল খেলার ১১ মিনিটে। ডিফেন্ডারদের ভুলে আত্মঘাতী গোলে ব্রাদার্স নিজেরাই পিছিয়ে পড়ে।

আবাহনী এগিয়ে যায় ১-০ গোলে। আট মিনিট পর আবারও গোল হজম। রায়হানের থ্রো থেকে হাইতিয়ান বেলফোর্টের হেড ব্রাদার্সের জালে ২-০। খেলার অবস্থা দেখেই বুঝা যাচ্ছিল এটি আবাহনীর দিন। ব্রাজিলিয়ান এভারটন, পানামার জ্যাক ড্যানিয়েলস, ব্রাজিলিয়ান লিমা  লিয়েন্দ্র, মাঠে লড়াই করে বিন্দুমাত্র সুবিধা করতে পারেননি। আবাহনী যেন আরও চড়াও।

বেলফোর্ট এবং সানডে দুই প্লেমেকার। ব্রাদাসর্কে গুঁড়িয়ে দিতে যা কিছু দরকার ছিল করে দিয়েছেন। দেশি স্ট্রাইকার ৫ গোল পাওয়া নাবীব নেওয়াজ জীবন আগেই ঠিক করেছিলেন ষষ্ঠ গোল করবেন। সবার উপরে উঠবেন। সেটা হয়নি। সানডে এবং বেলফোর্টের পেছনে থাকা জীবন সুযোগ নিতে পারেননি। সানডে গোল করে সুযোগ কাজে লাগিয়েছেন ৩-০।  দ্বিতীয়ার্ধে বেলফোর্ট নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন ৪-০।

জীবন গোল করার সুযোগ পেয়েও সানডেকে তুলে দিয়েছিলেন। গোল হয়নি। বেলফোর্টের হ্যাটট্রিকের সুযোগ ব্রাদার্সের ক্রসবারে চুমু খেয়ে ফিরে আসে। তবুও আফসোস নেই। আফসোস আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের আরাও বেশি গোলে যেতা উচিত ছিল।  

আজকের খেলা

মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। আরামবাগ ও নোফেল স্পোর্টিং। ৩টা, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ।