প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে নতুন টি-২০ টুর্নামেন্ট

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ১২ ক্লাবকে নিয়ে নতুন টি-২০ টুর্নামেন্ট করার চিন্তা-ভাবনা করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। টুর্নামেন্টের রূপরেখাও প্রায় চূড়ান্ত। কিছুটা অনিশ্চয়তা অবশ্য রয়ে গেছে। সেটি প্রিমিয়ার লিগের আগে নাকি পরে করা হবে। আজ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

গতকাল সিসিডিএমের ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেছেন, আলাদা টি-২০ আমরা প্রথম বিভাগেও করেছি, লিগ শেষ হওয়ার পর। প্রিমিয়ার লিগের ক্লাব নিয়েও এমন টি-২০ টুর্নামেন্ট করার সিদ্ধান্ত হয়েছে। তবে লিগটা এবার প্রিমিয়ার লিগের আগে নাকি পরে অনুষ্ঠিত হবে সেটি কাল (আজ) ঘোষণা দিবেন সিসিডিএম চেয়ারম্যান।

তবে প্রিমিয়ার লিগের আগে হলে সেটি শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। ১২টি ক্লাবকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপের সেরা চার ক্লাব খেলবে সেমিফাইনালে। তারপর ফাইনাল। সেক্ষেত্রে প্রিমিয়ার লিগ ১ মার্চের পরিবর্তে ৬ মার্চ শুরু হতে পারে। মূল প্রিমিয়ার লিগ শুরুর আগে এই টুর্নামেন্টকে গা গরমের মঞ্চ হিসেবেই দেখছে ক্লাবগুলো।